৩১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত এক চালক

প্রকাশ:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. আলী (৬০) নামে এক চালক প্রাণ হারিয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। নিহত মো. আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত রেজাউল মুন্সির ছেলে।

নিহতের ভাতিজা খোকন জানান, যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলার দিকে যাওয়ার সময় দুপুর সাড়ে ১২টার দিকে দালাল বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি অটোরিকশার সঙ্গে মো. আলীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির যাত্রী ও চালকসহ মোট ছয়জন আহত হন। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

আহতদের শারীরিক অবস্থা বিবেচনায় কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন