অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে আবু ফালাহ গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ভয়াবহ হামলার শিকার হয়েছেন ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক হেইডি লেভিন। শুক্রবার পেশাগত দায়িত্ব পালনের সময় ৬৩ বছর বয়সী এই সাংবাদিক হামলার কবলে পড়েন।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, এই একই হামলায় এক ফিলিস্তিনি নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন এবং তার উরুতে আঘাত লেগেছে। এছাড়া আরও দুজনকে লাঠিপেটা করে আহত করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, শুক্রবার সকাল থেকেই রামাল্লার বিভিন্ন এলাকায় জলপাই সংগ্রহকারীদের ওপর চড়াও হয় বসতি স্থাপনকারীরা। এ সময় ইসরাইলি বাহিনী তাদের বাধা দেওয়ার বদলে উল্টো সুরক্ষাবলয় তৈরি করে সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে।





