৩১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকল্প পথে দেশে ফিরলেন সৌদি আরবে আটকে পড়া ৫০

প্রকাশ:

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে বিপাকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী, পুরুষ ও শিশু অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বিকল্প পথে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওমরাহ যাত্রীদের দলটির মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, নির্ধারিত সময়ে দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়লে তারা বিকল্প পথে ফেরার উদ্যোগ নেন।

মোহাম্মদ রায়হান জানান, গত মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে তাদের আবাসনের চুক্তির মেয়াদ ছিল। কিন্তু নির্দিষ্ট দিনে ফেরা সম্ভব না হওয়ায় দুই দিন অপেক্ষার পর জনপ্রতি অতিরিক্ত ২০ হাজার টাকা ভাড়া গুণতে হয়েছে। ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা সাগর সরদার বলেন, মা, স্ত্রী ও দুই সন্তানসহ তিনি ওমরাহ পালন করতে গিয়েছিলেন। শেষ পর্যন্ত বাড়তি টাকা দিয়ে কাতার এয়ারলাইনসের বিমানে ফেরার ব্যবস্থা করতে হয়। অপর ওমরাহযাত্রী জায়েদ আল-সামি জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় মদিনা বিমানবন্দর থেকে তাদের ফ্লাইটটি ছেড়ে আসে এবং বিকেল সাড়ে ৫টার দিকে তারা ঢাকায় অবতরণ করেন।

এই দলের অনেক বয়স্ক সদস্য ছিলেন, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের কোঠায়। ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর বকশিরচকের শাহ্ পাড়ার বাসিন্দা ইসমাইল হোসেন শাহ্ এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, ওমরাহযাত্রীদের এই সংকটের বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব জানান, শুরু থেকেই জেলা প্রশাসনের মাধ্যমে তাদের খোঁজখবর রাখা হচ্ছিল। শেষ পর্যন্ত তারা নিরাপদে দেশে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন