মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা এবং এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার প্রতি আবারও পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে কাতার। সমুদ্রপথে অবাধ চলাচল নিশ্চিত করার বিষয়টিকেও তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। বুধবার কাতারের রাজধানী দোহায় জার্মানির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী গেজা আন্দ্রেয়াস ফন গেয়ারের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়গুলো উঠে আসে।
বৈঠকে কাতারের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতার সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
কূটনৈতিক আলোচনার পাশাপাশি বৈঠকে অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। আলজাজিরার বরাতে পাওয়া তথ্যানুযায়ী, এই আলোচনা মূলত মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পাশাপাশি সামগ্রিক চুক্তির পথ সুগম করার লক্ষ্যেই আয়োজন করা হয়েছিল।





