৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ বছর পর মোজাম্বিক থেকে ফিরল প্রবাসী জসিমের মৃত

প্রকাশ:

মোজাম্বিকে কর্মজীবন কাটানো বাঁশখালীর প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিনের (৩৫) মরদেহ সাত দিন পর বৃহস্পতিবার সকালে দেশে এসে পৌঁছেছে। সকাল ৬টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের কার্গো ফ্লাইটে তার মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে অ্যাম্বুলেন্সে করে সকাল সাড়ে ৯টার দিকে তা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছড়ারকুল এলাকার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। জসিমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ অপেক্ষার পর স্বজনেরা জসিমের লাশ ফিরে পাওয়ায় পরিবার ও এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

নিহত জসিম উদ্দিন ওই এলাকার মোহাম্মদ ছৈয়্যদ মিয়া ও মাবিয়া খাতুনের ছেলে। জীবিকার সন্ধানে তিনি প্রায় ১২ বছর ধরে মোজাম্বিকে বসবাস করছিলেন। গত ৯ অক্টোবর শুক্রবার মোজাম্বিকের মাপুতো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন তিনি। কাতার হয়ে দেশে আসার পথে আকাশপথেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এরপর তার মরদেহ কাতারের হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়।

জসিমের বড় ভাই মো. ইউনুস জানান, কাতারে প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করার পর বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে কার্গো ফ্লাইটে মরদেহটি চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়। দীর্ঘ এক সপ্তাহ পর প্রিয়জনের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। জসিম উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, বাবা-মা ও ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন