২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে তিন দিন ধরে নিখোঁজ তিন কিশোরী

প্রকাশ:

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও কোনো খোঁজ মেলেনি। গত রোববার সকালে বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড আনার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশ এবং পরিবারের সদস্যরা আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ হওয়া কিশোরীদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে। তারা সবাই ফাঁসিয়াখালী ইউনিয়নের একই পাড়ার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়। তাদের মধ্যে ১৫ বছর বয়সী একজন চকরিয়ার মানিকপুর এলাকার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করে। বাকি দুজন স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার সকাল সাড়ে নয়টার দিকে তিন কিশোরী চকরিয়ার মানিকপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়ে। ১৫ বছর বয়সী কিশোরীটি তার বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড সংগ্রহ করতে যাচ্ছিল। তবে তারা বিদ্যালয়ে পৌঁছেছিল কি না, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত নন।

এক কিশোরীর মা জানান, তাদের তিনজনের কারও কাছেই মুঠোফোন থাকার কথা নয়। কিন্তু যে অটোরিকশায় তারা চকরিয়া গিয়েছিল, সেই চালক পরিবারের সদস্যদের জানিয়েছেন যে তিনি কিশোরীদের হাতে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন দেখেছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে মঙ্গলবার পরিবারের সদস্যরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, চকরিয়া বাসস্ট্যান্ডে একটি মুঠোফোনসহ তিন কিশোরীকে স্থানীয় কয়েকজন দেখেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে সেখান থেকে তারা কোন দিকে গেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ধারণা করছে, নিখোঁজ কিশোরীরা চকরিয়া অথবা কক্সবাজারের কোথাও থাকতে পারে।

ওসি কাইছার হামিদ আরও জানান, কিশোরীদের সন্ধানে চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো বর্তমানে পরীক্ষা করা হচ্ছে।

শেয়ার করুন