সিরাজগঞ্জে মাদক মামলায় আব্দুর রাজ্জাক নামের এক যুবলীগ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। রায়ে আব্দুর রাজ্জাককে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলার সরকারি কৌঁসুলি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ড ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং রায় শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতা হিসেবে পরিচিত।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই অভিযানে আব্দুর রাজ্জাকের দেহ তল্লাশি করে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের এই ঘটনায় ডিবি পুলিশের এসআই ইয়াছিন আরাফাত বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে বিচারক আজ আব্দুর রাজ্জাককে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।





