৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারগঞ্জে শসার বাম্পার ফলন: লক্ষ্য দুই হাজার টন

প্রকাশ:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এ বছর শসার বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও বাজারের সন্তোষজনক দামের কারণে স্থানীয় কৃষকদের মুখে এখন হাসির ঝিলিক। কম খরচে অল্প সময়ে ভালো লাভের সুযোগ থাকায় কৃষকরা এই সবজি চাষে ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৬০ হেক্টর জমিতে আগাম শসার আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় দুই হাজার মেট্রিক টন শসা উৎপাদনের সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তারা। কম খরচ ও স্বল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় শসা চাষে ঝুঁকছেন কৃষকেরা।

উপজেলার বিভিন্ন এলাকায় গ্রিন বিউটি, জাদু, জিনিয়া ও ময়নামতির মতো উন্নত জাতের শসার চাষ করেছেন চাষিরা। আধুনিক মালচিং পদ্ধতি ব্যবহারের ফলে ফলনও হয়েছে বেশ ভালো। মাঠজুড়ে সবুজের সমারোহে কৃষকদের এখন ব্যস্ত সময় কাটছে; কেউ গাছে পরিচর্যা করছেন, কেউবা ক্ষেত থেকে শসা তুলে বাজারজাতকরণের জন্য প্রস্তুত করছেন। মাদারগঞ্জে উৎপাদিত এই শসা স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

লাভের হিসাব নিয়ে কথা হয় স্থানীয় কৃষকদের সঙ্গে। ফুলজোড় এলাকার কৃষক সাইদুর রহমানের ভাষ্যমতে, বীজ রোপণের মাত্র ৩০ থেকে ৩৫ দিনের মধ্যেই গাছে ফল আসে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি শসা ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে এর দাম ৫০ থেকে ৬০ টাকা। নাংলা এলাকার আরেক কৃষক তৈয়ব আলী জানান, বিঘা প্রতি শসা চাষে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হলেও ভালো ফলনে ৩০ থেকে ৪০ হাজার টাকার পণ্য বিক্রি করা সম্ভব। সার, সেচ ও শ্রমিকের মজুরির ওপর নিট লাভ নির্ভর করলেও বর্তমান বাজারের দরে তারা বেশ সন্তুষ্ট এবং আগামীতে চাষের পরিধি বাড়ানোর পরিকল্পনা করছেন। ভাল ফলন হলে প্রতি বিঘার শসা বিক্রি করা যায় প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকায়। শসা ভর্তি বস্তা অটোরিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে বাজারে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, মাদারগঞ্জের মাটি ও আবহাওয়া শসা চাষের জন্য খুবই উপযোগী, যে কারণে প্রতি বছরই এর আবাদ বাড়ছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তারা আশাবাদী। কৃষি বিভাগের পরামর্শ ও আধুনিক পদ্ধতির ব্যবহারে কৃষকরা যেভাবে লাভবান হচ্ছেন, তাতে শসা চাষ এই অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

শেয়ার করুন