নতুন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে

প্রকাশ:

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে একটি নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর এ আদেশ প্রদান করেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত নেন।

এর আগে গত ১৯ আগস্ট যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. জাকির হোসেন সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত এই ঘটনার সঙ্গে নূরুল ইসলাম সুজন জড়িত বা অভিযুক্ত থাকায় তাকে এই মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী হারুন অর রশীদ। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ আলম শাহীন গ্রেফতার দেখানোর আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন মো. পারভেজ মিয়া। ওইদিন বিকাল ৫টার দিকে আসামিদের গুলিতে তিনি আহত হন। প্রথমে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একই বছরের ২৯ অক্টোবর যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে নূরুল ইসলাম সুজনকে আটক করে পুলিশ। এরপর থেকে তিনি একাধিক মামলায় গ্রেফতার ও রিমান্ডে রয়েছেন এবং বর্তমানে কারাগারে বন্দি আছেন।

শেয়ার করুন