পঞ্চদশ সংশোধনী মামলার চূড়ান্ত রায় আজ

প্রকাশ:

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা বিভিন্ন বিষয়কে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবেন।

এর আগে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু অংশ বাতিল করে রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদকসহ চার ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পৃথক তিনটি আপিল দায়ের করা হয়। গত বছরের ১৩ নভেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এসব আপিল শুনানির অনুমতি দিয়েছিলেন।

শুনানি চলাকালে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদকের আইনজীবী শরীফ ভূঁইয়া পঞ্চদশ সংশোধনীকে ‘প্রতারণা’ আখ্যা দিয়ে তা পুরোপুরি বাতিলের দাবি জানান। তবে তিনি সংবিধানের ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা বজায় রাখার আবেদন করেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির পঞ্চদশ সংশোধনীর যেসব বিষয় মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক, সেগুলো বাতিল এবং বাকি বিষয়গুলো সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়ার আবেদন জানিয়ে শুনানি শেষ করেন।

উল্লেখ্য যে, তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস করে। এই সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানে মোট ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছিল। হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হলেও কিছু আইনি জটিলতা থাকায় বিষয়টি সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন