আগামীতে দেশে ১ কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: আবদুল আউয়াল মিন্টু

প্রকাশ:

আগামী কিছুদিনের মধ্যে দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। রোববার বিকেলে নিজের নির্বাচনী এলাকা ফেনীর সোনাগাজীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

উপজেলা পরিষদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবদুল আউয়াল মিন্টু বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারেই কর্মসংস্থানের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। দেশে বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সংসদে ইতোমধ্যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যাক্ট পাস করা হয়েছে। তিনি আরও বলেন, কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে কোথায় যাবে? তাই ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই।

এর আগে সকালে মন্ত্রী সোনাগাজী উপজেলার চরমজলিশপুর, বগাদানা ও মতিগঞ্জ ইউনিয়নে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। পরে বিকেলে স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ এবং মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। প্রকল্প উদ্বোধনের সময় সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) এবং সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেলে জেলা কৃষক দল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তিনি জানান, মুছাপুর রেগুলেটর নির্মাণ, লালপুল ফ্লাইওভার ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে। এছাড়া মুছাপুর রেগুলেটর প্রকল্পটি আগামী একনেকের সভায় উপস্থাপন করা হবে।

উক্ত সভায় ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজান উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঁইয়াসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

শেয়ার করুন