১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ

প্রকাশ:

কৃষি, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য ও পর্যটনসহ নানা গুরুত্বপূর্ণ খাতে স্পেনের মালাগা শহরের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এই লক্ষ্যে দুই পক্ষের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গত সোমবার (২৭ অক্টোবর) মালাগা সিটি মেয়রের কার্যালয়ে শহরটির মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠককালে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রার বিষয়গুলো মেয়রকে অবহিত করেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নের এই পথচলায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর যে সহযোগিতা রয়েছে, তার প্রশংসা করেন তিনি। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয় আলোচনায়।

মালাগা শহরকে কেন্দ্র করে সহযোগিতার পরিধি বাড়ানোর ক্ষেত্রে কৃষি, আইসিটি, শিক্ষার্থী ও সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সৃজনশীল অর্থনীতির মতো ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালাগার পৌর সরকারের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য পোষণ করেছে।

বৈঠকে মালাগার মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোস বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার প্রসঙ্গ টেনে তিনি এই সংকটের দ্রুত ও টেকসই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন। সব মিলিয়ে উভয় দেশের পক্ষ থেকেই দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক মিথস্ক্রিয়া বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।

শেয়ার করুন