১৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা উদ্বেগজনক, বিচার দাবি এবি পার্টির

প্রকাশ:

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ সালমান মুক্তাদিরের স্টুডিওতে এই হামলাকে কোনোভাবেই খাটো করে দেখার অবকাশ নেই। রোববার এক যৌথ বিবৃতিতে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ওহাব মিনার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এই দাবি জানান।

সালমান মুক্তাদিরের অভিযোগ অনুযায়ী, গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। চাঁদা দাবিকে কেন্দ্র করেই মূলত এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগী নিজেই নিশ্চিত করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার রাতে সালমান মুক্তাদির স্টুডিও ভাঙচুরের দৃশ্য সম্বলিত ভিডিও প্রকাশ করেন। সেখানে তাকে বলতে শোনা যায়, স্টুডিওতে আক্রমণ হয়েছে এবং সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।

এবি পার্টির দুই শীর্ষ নেতা বিবৃতিতে বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাষ্ট্রের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি বড় দুর্বলতা। রাজধানীর বুকে প্রকাশ্যে চাঁদাবাজির জন্য দুর্বৃত্তরা এমন সশস্ত্র তাণ্ডব চালানোর সাহস দেখালে সাধারণ মানুষ কোথায় নিরাপদ থাকবে, সেই প্রশ্ন তুলেছেন তারা। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও জবাবদিহি এখন বড় ধরনের সংকটের মুখে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষার মূল ভিত্তি ছিল দখলদারি, চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের চিরস্থায়ী অবসান। সেই আন্দোলনের পর নতুন পরিচয়ে যদি একই ধরনের অপতৎপরতা মাথাচাড়া দিয়ে ওঠে, তবে তা সাধারণ মানুষের সঙ্গে চরম প্রতারণার শামিল। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে পার পাওয়ার সুযোগ নেই দাবি করে ওহাব মিনার ও আসাদুজ্জামান ফুয়াদ অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন