কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর দক্ষ ও আধুনিক জনশক্তি গড়ার লক্ষ্যে দেশের ৬৪টি জেলায় বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি ঘোষণা করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। এই এআইভিত্তিক বেসিক কোর্সের তৃতীয় ব্যাচে অংশগ্রহণের জন্য আগ্রহী ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-তরুণীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হচ্ছে এবং আগ্রহীদের আগামী ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে www.dydaiproject.com/apply ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর ওয়েবসাইটের লিংকটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এতে ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন। সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে।
প্রশিক্ষণার্থী নির্বাচনের প্রক্রিয়াটি বেশ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হবে।
আবেদনকারীকে ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজি ভাষার দক্ষতার অধিকারী প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি জেলায় উপপরিচালকের নেতৃত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করবে। বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আগামী ২৮ নভেম্বর লিখিত এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। মেসেজের নির্দেশনা মোতাবেক পরীক্ষা অনুষ্ঠানের সময় প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।
আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। মোট ৫০ কার্যদিবসের এই কোর্সে ৩০০ ঘণ্টার ক্লাস নেওয়া হবে এবং প্রতিদিন ছয় ঘণ্টা করে পাঠদান চলবে। প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের জন্য সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। এ ছাড়াও প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা হিসেবে প্রতিদিন ২০০ টাকা প্রদান করা হবে এবং প্রশিক্ষণ চলাকালীন খাবারের ব্যবস্থাও থাকবে। কোর্স শেষে সফল উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে। বিস্তারিত তথ্যের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।





