চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও আগস্টে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) রোববার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত অর্থবছরের একই সময়ে ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার বা প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকার ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধের ব্যয় বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই ও আগস্টে মোট পরিশোধিত অর্থের মধ্যে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার মূল ঋণের কিস্তি হিসেবে এবং ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার সুদ বাবদ পরিশোধ করা হয়েছে। এছাড়া চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যেখানে গত অর্থবছরের এই দুই মাসে প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার। প্রতিবেদন অনুযায়ী, জুলাই ও আগস্টে পরিশোধিত অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা পরিশোধ করেছে বাংলাদেশ। আর সুদ বাবদ পরিশোধ করেছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।





