কাতারের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার মানোন্নয়নে নবপ্রতিষ্ঠিত ‘তামিম বিন হামাদ সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর পরিচালনা পর্ষদ বা বোর্ড অব ট্রাস্টিজ গঠন করেছেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আমিরি ডিক্রি নং (৩৭) অনুযায়ী এই পর্ষদ গঠন করা হয়েছে। ডিক্রি অনুযায়ী, কাতারি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ বোর্ডের চেয়ারম্যান এবং প্রতিরক্ষামন্ত্রী ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রয়োজনবোধে বোর্ডের চেয়ারম্যান আরও অভিজ্ঞ ও দক্ষ সদস্যদের অন্তর্ভুক্ত করতে পারবেন।
সরকারি গেজেটে প্রকাশের দিন থেকেই এই ডিক্রি কার্যকর করা হয়েছে। দেশের সামরিক শিক্ষা ও প্রতিরক্ষা গবেষণাখাতকে আরও শক্তিশালী করতে এই নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যরা হলেন
- স্বরাষ্ট্রমন্ত্রী
- শিক্ষা ও উচ্চশিক্ষামন্ত্রী
- পরিবহনমন্ত্রী
- স্টেট সিকিউরিটি সার্ভিসের প্রধান
- সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ
- ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির প্রধান
- কাতার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট
- ড. মারিয়াম আলী সুলতান আল-মাদিদ
- শেখা ড. দিনা বিনতে আহমেদ বিন সাইফ আল থানি





