মামলার নথি না থাকায় জিয়াউল আলমের গ্রেপ্তার শুনানি পিছিয়ে ১৫ জুলাই

প্রকাশ:

রাজধানীর কাফরুল থানায় দায়ের করা মাহবুব হাসান মামুন হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। মামলার মূল নথি আদালতে উপস্থাপন না হওয়ায় সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত আগামী ১৫ জুলাই (বুধবার) শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। কঠোর নিরাপত্তায় কারাগারে থাকা আসামিকে এই শুনানির জন্য আদালতে হাজির করা হয়েছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ জুলাই কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল আলীম সাবেক সচিব জিয়াউল আলমকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবারের দিন ধার্য করেছিলেন। তবে মামলার মূল নথি অনুপস্থিত থাকায় বিচারক পরবর্তী তারিখ পিছিয়ে দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর ১০ নম্বর বিআরটিএ কার্যালয়ের সামনে আন্দোলনে অংশ নেন ৩৪ বছর বয়সী মাহবুব হাসান মামুন। বিকেলে সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করে কাফরুল থানায় মামলাটি দায়ের করেন।

তদন্ত কর্মকর্তার গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তে এই ঘটনায় আসামির সম্পৃক্ততার বিষয়ে ব্যাপক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো জরুরি। প্রয়োজনে ভবিষ্যতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও আবেদনে জানানো হয়েছে।

শেয়ার করুন