কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান

প্রকাশ:

দেশের চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান এবার আন্তর্জাতিক অঙ্গনে কাজের পরিধি বাড়ানোর অংশ হিসেবে কানাডায় একটি বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন। বর্তমানে উত্তর আমেরিকায় অবস্থানরত এই দুই তারকা নিজেদের আন্তর্জাতিক প্রজেক্টের কাজে ব্যস্ত সময় পার করছেন। জায়েদ খান যুক্তরাষ্ট্রে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও প্রজেক্টে যুক্ত রয়েছেন, অন্যদিকে অধরা খান কানাডায় হলিউডসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন।

দেশের চলচ্চিত্রের পরিচিত এই দুই মুখকে বিদেশের মাটিতে একই সিনেমায় দেখার বিষয়টি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। কানাডার মাটিতে নির্মিত এই সিনেমাটি নিয়ে তাই শুরু থেকেই বাড়তি আলোচনা চলছে। জায়েদ খানের জন্য এটি ক্যারিয়ারের নতুন একটি অধ্যায়, যেখানে তিনি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে নতুন অভিজ্ঞতা অর্জন করছেন।

অধরা খানের কানাডা অধ্যায়টি শুরু হয় ২০২৫ সালে। অল্প সময়ের মধ্যেই তিনি সেখানে বিভিন্ন আন্তর্জাতিক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। এর মধ্যে তিনি ২০২৬ সালের শুরুতে ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার কথাও জানিয়েছিলেন। ২০১৮ সালে বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়া অধরা ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এর মধ্যে ‘সুলতানপুর’ হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছে।

কানাডায় অবস্থান করলেও দেশের সিনেমার প্রতি অধরার ব্যস্ততা কমেনি। তার অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ইউরোপে শুটিং হতে যাওয়া একটি নতুন সিনেমার প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি। জায়েদ খান ও অধরা খান দুজনেই কানাডায় একসঙ্গে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটির অন্যান্য তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন