জয়পুরহাটের ক্ষেতলালে যুবককে পিটিয়ে হত্যা, আহত ১

প্রকাশ:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বাদশা (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মাজেদুল ইসলাম (২২) নামে আরও এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোরে উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় রাস্তার ওপর তাদের পড়ে থাকতে দেখেন স্থানীয় মাছ শিকারি নাজমুল, আসাদুল ও কুদ্দুস। তারা বিষয়টি পুলিশকে জানালে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত এবং অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

আহত মাজেদুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। এরপর রাত ১১টার দিকে তাদের পদ্মপুকুর এলাকায় নিয়ে আসা হয়। সেখানে হাত-পা বেঁধে গভীর রাত পর্যন্ত পার্শ্ববর্তী এলাকার ৯ জন মিলে তাদের ওপর নির্যাতন চালায়। এক পর্যায়ে মাজেদুল জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে জ্ঞান ফেরার পর তিনি পাশে বাদশার মরদেহ দেখতে পান। হামলাকারীদের নাম না জানলেও দেখলে চিনতে পারবেন বলে মাজেদুল জানিয়েছেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আহত মাজেদুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত বাদশার মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১২: ২৫আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১২: ২৬

শেয়ার করুন