২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

প্রকাশ:

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ভর্তি–সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd/) থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পৌঁছে দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী কলেজে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছিলেন। অনলাইন আবেদনের ফি ছিল ২২০ টাকা।

ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন ফি প্রদান করতে হবে। ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল বলে গণ্য হবে। ভর্তি নিশ্চায়নের জন্য বোর্ডকে মোট ৩৪০ টাকা ফি দিতে হবে। এই ফির মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি ১০০ টাকা।

শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

এদিকে, ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ওই দিন ক্লাস শুরু করা সম্ভব হবে না। তাই ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী ও অভিভাবকদের এই বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) ইস্যু বা শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। অনুমোদনহীন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।

ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নোটিশে বলা হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য শিক্ষার্থীদের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন ফি দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে।

ক্লাস শুরুর তারিখ নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে। কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’-এর নীতি-৬.০ অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা ছিল।

শেয়ার করুন