বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা বাংলাদেশে তাদের ব্যবসার পরিধি বাড়াতে এবং বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন।
সাক্ষাৎকালে স্টিফেন কার্পিন বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনী খাতে কাজের ব্যাপক সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। তিনি জানান, দেশের যেসব ব্যাংক গ্রাহক এখনো কার্ড ব্যবহারের আওতার বাইরে রয়েছেন, তাদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ভিসা প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগের মাধ্যমে কাজ করতে আগ্রহী। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও দ্রুত, সহজ ও নিরাপদ করার বিষয়েও প্রতিষ্ঠানটি কাজ করতে চায়।
বৈঠকে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন সহজ করার লক্ষ্যে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়ের মতো সরকারি জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ডের ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় সহজে ও নিরাপদে দেশে আনার জন্য একটি কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়।
বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ভিসার পক্ষ থেকে একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির প্রসারে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকটিতে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।





