রাজধানীর বাজারে সবজির চড়া দাম, ৫০ টাকার নিচে মিলছে মাত্র দুটি

প্রকাশ:

টানা বৃষ্টিপাত ও জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাবে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দাম এখন চড়া। মঙ্গলবার দুপুরে আগারগাঁও, হাতিরপুল ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে সরেজমিনে দেখা যায়, বাজারে থাকা ২১ ধরনের সবজির মধ্যে মাত্র পেঁপে ও বড় করলা ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে। বাকি সবজির অধিকাংশই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে, কোনো কোনো সবজির দাম ১০০ টাকা বা তারও বেশি।

বাজারে বর্তমানে প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, করলা ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, শসা ৬০ টাকা এবং কচুর পিস ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া বরবটি ৬০ থেকে ৭০ টাকা, সাদা গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, ছোট করলা ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কালো গোল বেগুন ১০০ টাকা, গাজর ১২০ টাকা, টমেটো ১২০ টাকা এবং শিম ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শাকের আঁটি ২০ থেকে ৫০ টাকা এবং লাউ প্রতি পিস ৫০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের মতে, বৃষ্টির মৌসুমে সাধারণত কাঁকরোল, পটল, ঢেঁড়স, ধুন্দল, কচুর লতি ও কচুর মুখির সরবরাহ বেশি থাকায় দাম কম থাকার কথা, কিন্তু এবার চিত্রটি ভিন্ন। সবজি বিক্রেতা আমির জানান, অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত থাকলেও কিছু সবজির দাম বেড়েছে। আরেক বিক্রেতা মিজান দাম বাড়ার পেছনে চাষাবাদ কমে যাওয়া ও প্রতিকূল আবহাওয়াকে দায়ী করে জানান, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও প্রভাব পড়ছে।

সবজির পাশাপাশি মাছ-মাংস ও ডিমের বাজারও অস্থির। ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকা এবং ডিম ১৫০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে বাইন ৮০০ টাকা, চিংড়ি ৭৫০ থেকে ৮০০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা, রুই-কাতল ৩৫০ থেকে ৪২০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা এবং ইলিশ আকারভেদে ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সবুজ আহমেদসহ সাধারণ ক্রেতারা।

শেয়ার করুন