যুক্তরাষ্ট্রে পৌনে দুই লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিল

প্রকাশ:

ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত এক লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে। একই সময়ে আরও হাজারো মানুষের ভ্রমণ ও অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধা বাতিল করা হয়েছে বলে সোমবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক তথ্যবিবরণীতে জানানো হয়।

তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, নিয়মিত যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে এসব ভিসা বাতিল করা হয়েছে। এর মাধ্যমে ভিসাধারীরা শর্ত মেনে চলছেন কিনা এবং তারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কোনো ধরনের হুমকি হয়ে উঠছেন কিনা, তা নিশ্চিত করা হচ্ছে। ভিসা বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতায় উস্কানি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এছাড়াও হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদক-সংক্রান্ত অপরাধকেও ভিসা বাতিলের কারণ হিসেবে চিহ্নিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

গত বছর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসন ঠেকাতে বড় ধরনের অভিযান শুরু করেছে। এই নীতির অংশ হিসেবে বিপুলসংখ্যক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের অনেকের কাছেই বৈধ ভিসা ছিল। এবারের এই বিপুলসংখ্যক ভিসা বাতিলের ঘটনা দেশটির প্রশাসনের কঠোর অভিবাসন নীতির আরেকটি দিক সামনে নিয়ে এলো। এর আগে গত জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল যে তারা এক লাখের বেশি ভিসা বাতিল করেছে, যাকে তখন রেকর্ডসংখ্যক হিসেবে অভিহিত করা হয়েছিল।

শেয়ার করুন