জর্ডানে মার্কিন সেনা নিহতের জেরে ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা

প্রকাশ:

জর্ডানে অতর্কিত হামলায় দুইজন মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনার পর ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দেশটিতে প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেওয়ার পর থেকে ইরানের বিভিন্ন স্থাপনায় টানা আট রাত ধরে মার্কিন বাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে এই নতুন দফার হামলা শুরু হয় বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে।

সেন্টকম তাদের এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচলের ওপর ইরানের হুমকি হ্রাস করা এবং জর্ডানে মার্কিন সেনাসদস্যদের ওপর হামলাকারী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ইউনিটগুলোকে শাস্তি প্রদানই এই অভিযানের মূল লক্ষ্য।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, রোববার ভোরের দিকে বন্দর আব্বাস এবং কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধবিমান বারবার হামলা চালিয়েছে, যার ফলে দ্বীপের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দর আব্বাসেও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পর থেকে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। একদিকে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে, অন্যদিকে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে।

শেয়ার করুন