মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ:

বাংলাদেশে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এই সহায়তার পরিমাণ ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বৃহত্তর সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী বিভিন্ন সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণও এই সহায়তার অংশ। যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেপিগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। এর মধ্যে দুর্গম এলাকাগুলোকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সহায়তার অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন পঞ্চগড় জেলা হাসপাতালে সিভিল সার্জন মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে সুদৃঢ় করতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের উদ্ভাবনকে এগিয়ে নিতে 'আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি' বাস্তবায়নেও সহায়ক। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন