ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলা, নিহত ৮ ও ক্ষতিগ্রস্ত ৫ সেতু

প্রকাশ:

ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ষষ্ঠ রাতের এই অভিযানে দেশটিতে অন্তত আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় পাঁচটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা অবকাঠামো, সামরিক রসদ সরবরাহ ব্যবস্থা এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। সেন্টকমের দাবি, মধ্যপ্রাচ্যজুড়ে মোতায়েন থাকা ৫০ হাজারের বেশি মার্কিন সেনা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন শহর এবং পাঁচটি সেতুকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। এছাড়া হরমোজগান প্রদেশের বান্দার খামিরের কাছে দুটি সেতুতে পৃথক হামলায় সাতজন নিহত ও নয়জন আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বান্দার আব্বাস-শিরাজ সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। এছাড়া কেশম দ্বীপের দক্ষিণ উপকূলে চারটি বিস্ফোরণ এবং হরমোজগান প্রদেশের সিরিক এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বান্দার আব্বাসের পশ্চিমে তিনটি এবং দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, হামলায় ক্ষতিগ্রস্ত পাঁচটি সেতুর মধ্যে গারিভেহ ও কাহুরেস্তান সেতু অন্যতম। এসব সেতু ইরানের সামরিক চলাচল ও অভ্যন্তরীণ রসদ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেহের নিউজ এজেন্সির তথ্যমতে, বান্দার আব্বাসে একটি টেলিযোগাযোগ টাওয়ারও হামলার লক্ষ্যবস্তু হতে পারে, তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন