ইউক্রেনের রাজধানী কিয়েভের ভলোদিমিরস্কা স্ট্রিটে অবস্থিত দেশটির সিকিউরিটি সার্ভিসের (এসবিইউ) কেন্দ্রীয় কার্যালয়ে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ আগস্ট) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। ভবনটি শহরের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের বিপরীতে এবং গোল্ডেন গেট এলাকার কাছে অবস্থিত। কিয়েভ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি দেশটির নিরাপত্তা সংস্থাটির প্রধান ওলেক্সান্ডার পোকলাদের সঙ্গে কথা বলেছেন। জেলেনস্কির ভাষ্যমতে, রুশ ড্রোনটি সরাসরি এসবিইউ-এর নিরাপত্তা প্রধানের কার্যালয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তা বাহিনীকে রাশিয়ায় ‘উপযুক্ত ও হামলার অনুরূপ জবাব’ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
কিয়েভে টানা আট দিন ধরে রাশিয়ার ধারাবাহিক হামলা চলছে। সাম্প্রতিক এই অভিযানে শহরের কেন্দ্রস্থলের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শহরতলির বিভিন্ন গুদাম ও কারখানা, যার মধ্যে কোকা-কোলা তৈরির একটি কারখানাও রয়েছে, রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।





