ইসরাইলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কোনো ধরনের সমর্থন জানাবেন না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেওয়া সাম্প্রতিক অবস্থানের বিপরীতে অবস্থান নিয়েছেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এয়ার ফোর্স টুতে সাংবাদিক মার্ক হ্যালপেরিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এই বার্তা দেন। তিনি স্পষ্ট করেন যে, তার মনোযোগ এখন যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের দিকে এবং তিনি কেবল মার্কিন প্রার্থীদেরই সমর্থন দিতে আগ্রহী।
নেতানিয়াহুর বিষয়ে নিজের নিরপেক্ষ অবস্থানের কথা তুলে ধরে ভ্যান্স বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রীর পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেওয়ার সুযোগ নেই। তিনি জানান, আমি তাকে সমর্থন করার পক্ষেও নই, আবার বিপক্ষেও নই। মূলত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় জড়াতে চাচ্ছেন না ভ্যান্স। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে হাঙ্গেরির নির্বাচনে ভিক্টর অরবানকে সমর্থন জানিয়ে বুদাপেস্ট সফর করেছিলেন ভ্যান্স, যদিও সেই নির্বাচনে অরবান পরাজিত হয়েছিলেন।
এদিকে জেডি ভ্যান্সের এই নিরপেক্ষ অবস্থানের বিপরীতে ডনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সমর্থন দিয়েছেন। চলতি মাসের শুরুতে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের রাজনীতিতে না জড়ানোর কথা বললেও, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করেন।
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এরই অংশ হিসেবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক অঘোষিত সফরে ইসরাইল পৌঁছেছেন। একটি সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ-এর সঙ্গে বৈঠক করেছেন।





