৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের ঘোষণা দেবে কাতার

প্রকাশ:

কাতারের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের সামরিক সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে শীঘ্রই একটি নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের ঘোষণা দিতে যাচ্ছে দোহা। দোহায় অনুষ্ঠিত গ্লোবাল সিকিউরিটি ফোরামে তিনি এই পরিকল্পনার কথা জানান। আঞ্চলিক মিত্রদের সাথে নিয়ে প্রতিরক্ষা খাতে বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আল-থানি বলেন, সম্প্রতি কাতার তাদের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার একটি ব্যাপক পর্যালোচনা সম্পন্ন করেছে। এই পর্যালোচনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন হামলা মোকাবিলার সক্ষমতা, সাইবার নিরাপত্তা এবং পানির নিরাপত্তাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত বা জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপরও তিনি গুরুত্বারোপ করেছেন। তিনি উল্লেখ করেন যে, মৌলিক বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে ঐকমত্য থাকলেও প্রতিটি দেশের নিজস্ব পররাষ্ট্রনীতি বজায় রাখার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। আল-থানি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মৌলিক বিষয়গুলোতে আমাদের মধ্যে ঐকমত্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘদিনের সামরিক সহযোগিতা ও বিনিয়োগ উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন আল-থানি। তিনি দাবি করেন, চলমান সংঘাতের এই সময়ে তাদের যৌথ অভিজ্ঞতা এবং কয়েক দশকের সামরিক বিনিয়োগের ফলে অঞ্চলটির ওপর আসা ৯০ শতাংশেরও বেশি হামলা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন