কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের মরহুম আব্দুর রহমানের এতিম পরিবারের জীবিকা নির্বাহ ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে একটি মিনি টমটম প্রদান করেছে “আল-আমিন ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন৷ শনিবার সকালে উখিয়া উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে মিনি টমটমটির চাবি তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আমিন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাকিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাস্টার শামসুল আলম, উপদেষ্টা মাস্টার হারুন রশিদ নূরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান নাঈম ও সাজ্জাদুল ইসলাম মুয়িনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, অসহায় পরিবারগুলোর জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। একটি মিনি টমটম পাওয়ার ফলে পরিবারটি নিয়মিত আয়ের সুযোগ পাবে, যা তাদের আত্মনির্ভরশীল হতে এবং জীবনমান উন্নয়নে সহায়তা করবে। প্রধান অতিথি শাহজাহান চৌধুরী বলেন, আল-আমিন ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব।
ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করছেন এবং ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকায়নসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাবেন। সহায়তা গ্রহণকারী বিধবা খুরশিদা আক্তার ও তার পরিবারের সদস্যরা এই উপহার পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই টমটম তাদের পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে।





