চ্যাম্পিয়নস লিগ ড্র: পিএসজির প্রতিপক্ষ সিটি ও বার্সেলোনা

প্রকাশ:

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটের লিগ পর্বের ড্র সম্পন্ন হয়েছে। সোয়া এক ঘণ্টার এই অনুষ্ঠানে ৩৬টি দল লিগ পর্বে কোন আটটি দলের বিপক্ষে খেলবে তা নির্ধারিত হয়েছে। এবারের ড্রয়ে পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনাকে। সিটি ও বার্সেলোনাও নিজেদের মধ্যে মুখোমুখি হবে প্রথম পর্বে। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইন্টার মিলান ও আর্সেনালকে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও আর্সেনালের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে।

মোনাকোর গ্রিমালদি ফোরামে আয়োজিত এই ড্র অনুষ্ঠানে উয়েফার ডেপুটি সেক্রেটারি জেনারেল জর্জো মারকেত্তি মঞ্চে এসে অংশগ্রহণকারী ৩৬ দল, বিশেষ করে প্রথমবারের মতো খেলতে যাওয়া চারটি ক্লাবকে শুভকামনা জানান। এরপরই দেখানো হয় ড্র নিয়ে ব্যাখ্যামূলক ভিডিও। অনুষ্ঠান উপস্থাপনা করছেন পেদ্রো পিন্টো ও রেশমিন চৌধুরী। অনুষ্ঠানে উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন ২০২৬ সালের 'উয়েফা রেসপেক্ট: বিয়ন্ড দ্য গেম' পুরস্কারজয়ী হিসেবে পিএসজির মারকিনিওসের নাম ঘোষণা করেন। এছাড়া সাবেক বার্সেলোনা ও আর্সেনাল তারকা থিয়েরি অঁরির হাতে উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ২০০৬ সালে আর্সেনালের রানার্সআপ দলে থাকা অঁরি চ্যাম্পিয়নস লিগ ট্রফি হাতে তুলেছিলেন ২০০৯ সালে বার্সেলোনার সঙ্গে। অনুষ্ঠানটিতে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড দাভিড ভিয়াও উপস্থিত ছিলেন।

ড্র অনুযায়ী, প্রতিটি দল মোট আটটি ম্যাচ খেলবে, যেখানে পট ১, পট ২, পট ৩ এবং পট ৪—প্রতিটি পট থেকেই থাকবে দুটি করে দল। একই দেশের কোনো দল একে অপরের মুখোমুখি হতে পারবে না। লিগ পর্বের প্রথম রাউন্ডের খেলা ৮ থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং ২৭ জানুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে উঠবে এবং নবম থেকে ২৪তম স্থান অর্জনকারী ১৬টি দল নকআউট প্লে-অফে খেলবে। সেখান থেকে জয়ী আটটি দল শেষ ষোলোতে জায়গা করে নেবে।

গত দুই আসরের মতো এবারও ড্রয়ে মোট ৩৬টি দল অংশ নিচ্ছে, যাদের ৯টি করে চারটি পটে ভাগ করা হয়েছে। পট ১-এ রয়েছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।

শেয়ার করুন