ইরান যুদ্ধে বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ

প্রকাশ:

ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার ওপর চাপ প্রয়োগ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৯ আগস্ট) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন এ মন্তব্য করেছেন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া সরকারের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন ইস্যুতে চাপ তৈরির পাশাপাশি ইরান যুদ্ধে সৃষ্ট অচলাবস্থা ভাঙতেও ট্রাম্পের এই পদক্ষেপের উদ্দেশ্য থাকতে পারে।

চো হিউন আরও জানান, যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ কমানোর ট্রাম্পের নির্দেশের পেছনে একাধিক বিষয় রয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়াকে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সমর্থন দেওয়ার জন্য চাপ প্রয়োগের বিষয়টিও থাকতে পারে। একই সঙ্গে উত্তর কোরিয়ার উদ্দেশেও এই বার্তা দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।

বাণিজ্যিক চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, গত বছর স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সিউল। তবে এই বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত এখনো ঘোষণা করা হয়নি। ওয়াশিংটন ইতোমধ্যে দক্ষিণ কোরিয়াকে সম্ভাব্য কয়েকটি প্রকল্পের প্রস্তাব দিয়েছে, কিন্তু বিনিয়োগের বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই, আইনি প্রক্রিয়া এবং কিছু অপ্রত্যাশিত সমস্যার কারণে পরিকল্পনাটি দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বুধবার জানিয়েছে যে, প্রতিবছরের যৌথ সামরিক মহড়ার সময়সীমা ১১ দিন থেকে কমিয়ে পাঁচ দিন করা হবে। পাশাপাশি মাঠপর্যায়ের কিছু প্রশিক্ষণও সীমিত করা হবে। ট্রাম্পের নির্দেশেই সামরিক অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। একই শুনানিতে উপস্থিত দক্ষিণ কোরিয়ার একীকরণমন্ত্রী চুং ডং-ইয়ং মনে করেন, দীর্ঘদিনের বিতর্কিত এই সামরিক মহড়া সীমিত করার সিদ্ধান্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নতুন করে আলোচনার পথ তৈরি করতে পারে।

শেয়ার করুন