ইরানে চলমান সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওসের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, টানা ১৩ দিন ধরে চলা হামলার পর যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে। এই উদ্বেগ থেকেই মার্কিন প্রশাসন হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর এই নির্দেশ দেন।
অন্যদিকে, অ্যাক্সিওস তাদের প্রতিবেদনে দুইজন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই সিদ্ধান্তটি কেবল একটি সাময়িক বিরতি নাকি দীর্ঘমেয়াদী, তা এখনো স্পষ্ট নয়। তবে আপাতত যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালাচ্ছে না।
অ্যাক্সিওসের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত কূটনৈতিক প্রচেষ্টার জন্য নতুন সুযোগ তৈরির ইঙ্গিত বহন করে। আবার বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু না হওয়া পর্যন্ত একে মার্কিন প্রশাসনের একটি সফলতা হিসেবেও দেখা হচ্ছে। তবে সূত্রগুলো জানিয়েছে, প্রয়োজনে পুনরায় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য মার্কিন সেনাবাহিনী ইতিমধ্যে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখছে।





