কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক দারুণ: ট্রাম্প

প্রকাশ:

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কিম জং উনের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করে ট্রাম্প বলেন, যদিও এই ছবিতে তাদের অভিব্যক্তি বন্ধুত্বপূর্ণ নয়, তবে তাদের মধ্যে এমন অনেক ছবি রয়েছে যেখানে তারা হাসিমুখে রয়েছেন। ট্রাম্প স্পষ্টভাবে উল্লেখ করেন, কিম জং উনের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত চমৎকার।

ট্রাম্পের এই মন্তব্য এমন একটি সময়ে এল যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আসন্ন যৌথ সামরিক মহড়া নিয়ে উত্তর কোরিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। পিয়ংইয়ংয়ের দাবি, এই মহড়া কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। আগামী ১৭ থেকে ২৭ আগস্ট পর্যন্ত 'উলচি ফ্রিডম শিল্ড' নামের এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই প্রশিক্ষণে ড্রোন মোকাবিলা, সাইবার হামলা প্রতিরোধ এবং জিপিএস ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর মতো আধুনিক যুদ্ধের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত থাকবে। উত্তর কোরিয়ার পরিবর্তনশীল সামরিক সক্ষমতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই এই মহড়ার অন্যতম লক্ষ্য।

উত্তর কোরিয়া নিয়মিতই এই ধরনের মহড়াকে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে আসছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা এখন একটি 'পারমাণবিক জোটে' রূপ নিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন মহড়াগুলো গত পাঁচ বছরের তুলনায় ভিন্ন এবং আধুনিক যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। পিয়ংইয়ংয়ের হুঁশিয়ারি, নতুন মাত্রার যেকোনো হুমকির জবাব তারা নতুন মাত্রার প্রতিরোধ সক্ষমতা দিয়ে দেবে।

এরই মধ্যে গত ১২ আগস্ট উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরের দিকে ছোড়া হয়। এক সপ্তাহের কম সময়ের মধ্যে এটি ছিল দেশটির দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা। তবে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ড এই ঘটনাকে কেবল একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হিসেবেই উল্লেখ করেছে।

শেয়ার করুন