তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য: বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিন গ্রেপ্তার

প্রকাশ:

দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা এবং ডিএমকে-র সদস্য উদয়নিধি স্টালিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) তাঞ্জাভুরে তাকে আটক করা হয়। এই ঘটনা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) তাঞ্জাভুরে একটি রাজনৈতিক সমাবেশে উদয়নিধির বক্তব্যের পর তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)-এর পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর তাঞ্জাভুর ইস্ট পুলিশ তার বিরুদ্ধে মামলা করে। এনডিটিভির খবর অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন এবং তামিলনাড়ু নারী নির্যাতন প্রতিরোধ আইনের একাধিক সংশ্লিষ্ট ধারায় এই মামলা করা হয়েছে।

গ্রেপ্তারের পর নিজের অবস্থান পরিষ্কার করে উদয়নিধি স্টালিন দাবি করেছেন, তিনি কোনো অন্যায় বা আপত্তিকর মন্তব্য করেননি। পুলিশের এই পদক্ষেপ নিয়েও তিনি ভীত নন বলে জানান। উদয়নিধি বলেন, ‘‘পুলিশ গ্রেপ্তার করেছে। আমি মোটেও ভয় পাচ্ছি না। যেকোনো পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত। দেখা যাক কী হয়। এখন আদালতের সিদ্ধান্ত নেওয়ার পালা যে নারীর মর্যাদার চেয়ে বাকস্বাধীনতা বড় কি না।’’ তার দাবি, বক্তব্যে তিনি কোনো নির্দিষ্ট নারীর নাম উল্লেখ করেননি এবং তার মন্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ডিএমকে নেতা টি আর বালুও অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘‘উদয়নিধি তার বক্তব্যে তৃষার নাম উল্লেখ করেননি।’’

ঘটনাটি প্রকাশ্যে আসার পর উদয়নিধির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল সমালোচনায় সরব হয়েছে। টিভিকে, বিজেপি ও অন্যান্য বিরোধী নেতারা তার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। বিজেপি মুখপাত্র নারায়ণ তিরুপথি উদয়নিধির আটকের ঘটনাকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, ডিএমকে নেতারা দাবি করছেন, উদয়নিধির বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন অর্থে উপস্থাপন করা হয়েছে। ফলে ঘটনাটি এখন রাজনৈতিক বিতর্কেও রূপ নিয়েছে।

উল্লেখ্য, তৃষা কৃষ্ণান ও তামিল তারকা বিজয়ের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নানা গুঞ্জন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন ছবি ও পোস্ট ঘিরে ভক্তদের একাংশ তাদের মধ্যে প্রেমের সম্পর্কের সমীকরণ খুঁজে নিয়েছেন। তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে তৃষা বা বিজয় কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, ফলে তাদের প্রেমের গুঞ্জন এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। উদয়নিধির বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে তৃষার নাম সামনে আসায় সেই পুরনো গুঞ্জনও নতুন করে আলোচনায় এসেছে। তবে অভিনেত্রীর পক্ষ থেকে উদয়নিধির মন্তব্য বা অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন