ভোলার তজুমদ্দিনে গৃহবধূ ও বৃদ্ধকে জুতার মালা পরিয়ে নির্যাতন: গ্রেপ্তার ৪

প্রকাশ:

ভোলার তজুমদ্দিন উপজেলায় এক গৃহবধূ (৪০) ও এক বৃদ্ধকে (৬৫) মারধর করে গলায় জুতার মালা পরিয়ে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। গত সোমবার উপজেলার সোনাপুর ইউনিয়নে বিবাহবহির্ভূত সম্পর্কের মিথ্যা অভিযোগ তুলে এই নির্যাতন চালানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ওই বৃদ্ধ বাদী হয়ে মঙ্গলবার বিকেলে তজুমদ্দিন থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা এই মামলায় পুলিশ এজাহারভুক্ত চার আসামি মো. সজীব (২৮), রাকিব ভূঁইয়া (৩০), রায়হান (১৯) ও রাশেদকে (২১) গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় সোনাপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস শহীদের বাড়িতে। গৃহবধূর স্বামী অসুস্থ থাকায় তিনি চিকিৎসার খরচ জোগাতে ধার চাইতে ওই ইউপি সদস্যের বাড়িতে গিয়েছিলেন। একই সময়ে ব্যক্তিগত কাজে ওই বৃদ্ধও সেখানে উপস্থিত হন। তাঁরা একে অপরের অপরিচিত হওয়ায় কোনো কথাবার্তাও হয়নি। বেলা ১১টার দিকে সজীবের নেতৃত্বে একদল ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে মিথ্যা অপবাদ দিয়ে তাদের ওপর হামলা চালায় এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা ভুক্তভোগীদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এর আগে সজীব ওই বৃদ্ধের কাছে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন, যা দিতে অস্বীকৃতি জানানোয় তিনি ক্ষুব্ধ ছিলেন। টাকা দিতে অস্বীকার করায় গৃহবধূ ও ওই বৃদ্ধের গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘোরানো হয় এবং তাদের তওবা পড়ানো হয়।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তিনি সম্পূর্ণ নির্দোষ। স্বামীর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে মিথ্যা অপবাদ ও চরম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন