বিশ্বকাপের সেমিফাইনালে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

প্রকাশ:

ফুটবল বিশ্বের বর্তমান র‍্যাঙ্কিংয়ের যথার্থতা যেন ফুটে উঠল এবারের বিশ্বকাপের মঞ্চে। প্রথমবারের মতো ইতিহাসের পাতায় নাম লিখিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। ১১ জুন প্রকাশিত ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড যথাক্রমে শীর্ষ চারটি অবস্থানে ছিল, যারা এখন টুর্নামেন্টের শেষ চারে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে।

টুর্নামেন্টের নকআউট পর্বে নিজেদের আধিপত্য বজায় রেখে এই চার দলই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ফ্রান্স কোয়ার্টার-ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছায়। এরপর ইউরো চ্যাম্পিয়ন স্পেন বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করে। গতরাতে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় এবং আজ সকালে আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের লাইনআপ পূর্ণ করে।

প্রথম সেমিফাইনালে আগামী ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাসের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ১৫ জুলাই হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে। ১৯৯২ সালে ফুটবল র‍্যাঙ্কিং পদ্ধতি চালুর পর এমন ঘটনা এই প্রথম ঘটল। ফুটবল বিশ্বের বর্তমান এই চার পরাশক্তির লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী।

শেয়ার করুন