বইপ্রেমী, শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধা প্রদানের লক্ষ্যে রাজধানীর বনশ্রীতে নতুন করে যাত্রা শুরু করেছে মেগা বুকশপ ও ডিপার্টমেন্টাল স্টোর ‘তিলোত্তমা’। রোববার সন্ধ্যায় বনশ্রীর ‘সি’ ব্লকে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই বিপণিকেন্দ্রটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে তিলোত্তমার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, বাচিকশিল্পী ও লেখক ইসরাত শিউলি, ন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ শেখ ফরিদ, অধ্যাপক কবি মাহবুবা বেগম, শিশু সাহিত্যিক মাহমুদুল হাসান, গীতিকার মুহাম্মদ আবদুল আওয়াল, কবি নীপা চৌধুরী, কবি নিয়াজ রায়হান সাগর, ইম্পেরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আরিফুর ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আব্দুল কাদের খান, বনশ্রী সোসাইটির সভাপতি সাহাবুদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মি. রেজা এবং সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপক জনাব বোরহান উদ্দিন।
তিলোত্তমার কর্ণধার আহনাফ আবরার খান উদ্বোধনী বক্তব্যে বলেন, সোশ্যাল মিডিয়ার প্রভাবে তরুণ প্রজন্মের মধ্যে যে বইবিমুখতা তৈরি হচ্ছে, তা কাটিয়ে তাদের পুনরায় বইমুখী ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করাই তাঁদের মূল লক্ষ্য। তিনি জানান, তিলোত্তমার সংগ্রহে নিজস্ব প্রকাশনার সৃজনশীল, গবেষণাধর্মী ও আত্মউন্নয়নমূলক বইয়ের পাশাপাশি দেশি-বিদেশি খ্যাতনামা প্রকাশনীর বই পাওয়া যাবে। একই ছাদের নিচে মিলবে আধুনিক সব শিক্ষাসামগ্রী ও কসমেটিকস। এছাড়া অফলাইন স্টোরের পাশাপাশি প্রতিষ্ঠানটি ই-কমার্স সেবাও প্রদান করবে।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আহনাফ আবরার খান জানান, বনশ্রীর পর খুব দ্রুতই সিদ্ধেশ্বরী, গুলশান, বনানী, ধানমন্ডি ও মিরপুরে তিলোত্তমার নতুন শাখা চালু করার প্রস্তুতি চলছে এবং পর্যায়ক্রমে তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও বইপ্রেমীদের উৎসবমুখর অংশগ্রহণের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সমাপ্ত হয়।





