অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তিন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগকারী এই তিন কর্মকর্তা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
এর আগে সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম পদত্যাগ করেছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
এরও আগে গত জুনে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন জামায়াত সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)। সেই সময় পদত্যাগকারী কর্মকর্তাদের অন্যতম ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা যৌথভাবে পদত্যাগ করেছিলেন।





