চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) ইতিহাসের সর্বোচ্চসংখ্যক গাড়ি সরবরাহের মাইলফলক স্পর্শ করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এই সময়ে কোম্পানিটি মোট ৪ লাখ ৮০ হাজার ১২৬টি গাড়ি গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছে, যা ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের করা ৪ লাখ ২ হাজার ৭৭৬টি গাড়ির গড় পূর্বাভাসকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সরবরাহ প্রায় ২৫ শতাংশ বেশি। টেসলা এ সময়ে ৪ লাখ ৫১ হাজার ৭৫৮টি গাড়ি উৎপাদন করেছে, অর্থাৎ উৎপাদনের চেয়ে ২৮ হাজারের বেশি গাড়ি সরবরাহ করায় প্রথম প্রান্তিকে জমে থাকা মজুত কিছুটা কমেছে।
ইউরোপে গাড়ি বিক্রির ঘুরে দাঁড়ানো এই সাফল্যের অন্যতম প্রধান কারণ। মর্নিংস্টারের জ্যেষ্ঠ ইকুইটি বিশ্লেষক সেথ গোল্ডস্টেইনের মতে, ইউরোপে জোরালো প্রবৃদ্ধিই এখন টেসলার জন্য সবচেয়ে বড় চালিকা শক্তি। এছাড়া চীনেও মডেল ওয়াইয়ের উৎপাদন শুরু হওয়ায় বিক্রি বেড়েছে। যদিও কোম্পানিটি সেখানে বিওয়াইডি ও অন্যান্য স্থানীয় নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রে চাহিদা কিছুটা চাপের মুখে থাকলেও মডেল ৩ সেডান ও মডেল ওয়াই এসইউভির সাশ্রয়ী সংস্করণ এবং সহজ অর্থায়নের সুবিধা ক্রেতাদের আকৃষ্ট করতে সাহায্য করেছে। অটোফোরকাস্ট সল্যুশনসের ভাইস প্রেসিডেন্ট স্যাম ফিওরানি মনে করেন, ইলন মাস্কের ব্যক্তিগত ভাবমূর্তি ছাপিয়ে অনেকেই এখন টেসলার পণ্যের গুণগত মান ও মূল্যের কারণে গাড়ি কিনছেন।
টেসলার শেয়ারদর অবশ্য এই খবরের পর প্রায় ৭ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে ১২ শতাংশ বাড়লেও, রেকর্ড সরবরাহের খবর প্রকাশের পর মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যায়। বর্তমানে ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের এই কোম্পানিটি এখন বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংচালিত প্রযুক্তিতে বড় বিনিয়োগের দিকে ঝুঁকছে। ইলন মাস্কের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে কোম্পানিটি ২৫ বিলিয়ন ডলারের বেশি মূলধনি ব্যয় করবে, যা গত বছরের ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রায় তিন গুণ। এই অর্থ মূলত এআই অবকাঠামো, ব্যাটারি, সাইবারক্যাব এবং অপটিমাস রোবট তৈরিতে ব্যয় করা হবে।
যুক্তরাষ্ট্রের বাজারে নতুন বৈদ্যুতিক গাড়ির প্রণোদনা বাতিল হওয়া সত্ত্বেও, কোম্পানিটি সম্প্রতি মডেল ওয়াইয়ের ছয় আসনের সংস্করণ বাজারে এনেছে। দীর্ঘ হুইলবেজের এই মডেলটি চীনে ডেলিভারি বাড়াতে ভূমিকা রেখেছে এবং যুক্তরাষ্ট্রেও চাহিদা পুনরুজ্জীবিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ির করছাড় তুলে নেওয়ায় চাহিদা নিয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছেন বিশ্লেষকেরা।




