টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় নীলফামারীর ডিমলায় অবস্থিত ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার। এই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার, যার ফলে পানি বর্তমানে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬টা নাগাদও পানি একই মাত্রায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য পাওয়া গেছে।
তিস্তার পানি বাড়ার ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলেও পানি ঢুকে পড়েছে।
পরিস্থিতি সম্পর্কে ডিমলা টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে প্রবেশ করা শুরু করেছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতের দিকে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।





