রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি: তারেক রহমান

প্রকাশ:

রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য ভালো কিছু করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশে তারেক রহমান বলেন, আজ আপনাদের সামনে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি। কারণ রাজনৈতিক বক্তব্যের চেয়ে নিজের দেশের জন্য গঠনমূলক কিছু করা অনেক বেশি জরুরি। তিনি এ সময় নিজের ব্যক্তিগত অভ্যাসের উদাহরণ টেনে বলেন, ছোটবেলা থেকেই তিনি টিস্যু ব্যবহারের পর তা যত্রতত্র না ফেলে নিজের পকেটে জমা রাখেন। দিনের শেষে বাসায় ফিরে তিনি ময়লার ঝুড়িতে সেই টিস্যুগুলো ফেলেন। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, এ ধরনের ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে পারলে দেশকে পরিচ্ছন্ন রাখা অনেক সহজ হবে। যদি সবাই মিলে এই অভ্যাস চর্চা করি, তবেই একটি সুন্দর ও পরিবেশবান্ধব দেশ গড়া সম্ভব।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এদিন মোট আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। তিনি উপস্থিত সবাইকে গাছের নিয়মিত যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যেভাবে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার যত্ন নেওয়া হয়, ঠিক একইভাবে রোপণ করা চারাগাছটিরও প্রতিদিন পরিচর্যা করতে হবে।

এর আগে সোমবার ভোর ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে বাসযোগে বরিশালের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শেয়ার করুন