দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ২ অক্টোবরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, শুধু ঢাকা বিভাগেই এই সময়ে হামের উপসর্গ নিয়ে তিনজন এবং নিশ্চিত হামে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট এক হাজার ১১৪ জন মৃত্যুবরণ করলেন। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১২ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে মোট এক লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২১ হাজার ৬২৩ জনের শরীরে নিশ্চিত হাম ধরা পড়েছে। সংক্রমণ বাড়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। এ পর্যন্ত এক লাখ ৭২ হাজার ২১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া গত একদিনে নতুন করে এক হাজার ২৪২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।





