১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে দেশের প্রথম রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলো থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই প্রকল্পে তিন উপজেলায় মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বা শূন্য দশমিক ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। তবে প্রকল্পের মোট ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।

প্রকল্পের আওতায় নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সরকারি দপ্তরের নিজস্ব চাহিদা মেটাবে এবং উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, ফুলগাজী উপজেলায় আটটি স্থাপনায় ২৪৯ কিলোওয়াট, ছাগলনাইয়া উপজেলায় ১২টি স্থাপনায় ৪১৫ কিলোওয়াট এবং পরশুরাম উপজেলার ছয়টি স্থাপনায় ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ভবন, উপজেলা পরিষদ ভবন, পৌরসভা কার্যালয় ও ডাকবাংলোর মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনের প্রতিটিতে প্রায় ২৫ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদ ভবনে স্থাপিত সিস্টেমের সক্ষমতা প্রায় ১০৩ কিলোওয়াট।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) বাস্তবায়িত এই প্রকল্পের ব্যয় সম্পর্কে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন জানান, এটি বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হতে পারে। প্রকল্পটি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উদ্বোধনী আয়োজনে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধানমন্ত্রী ফেনী সফরের অংশ হিসেবে দুপুর আড়াইটায় পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান অনুষ্ঠানেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন