পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশে এসে পৌঁছাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরই মধ্যে এ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সবকিছু ঠিক থাকলে রাশিয়ার বিশেষ কার্গো উড়োজাহাজে করে জ্বালানির চালানটি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আগামীকাল শনিবার (৩ অক্টোবর) এই জ্বালানি প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার জ্বালানি পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইটটি স্থগিত করা হয়। এই জ্বালানি বহনকারী বিমানটি যেসব দেশের আকাশসীমা দিয়ে উড়ে আসবে, সেসব দেশের আগাম অনুমতির বাধ্যবাধকতা রয়েছে। পাকিস্তান থেকে আকাশসীমা ব্যবহারের প্রয়োজনীয় অনুমতি পেতে বিলম্ব হওয়ায় ফ্লাইটটি এক দিন পিছিয়ে শুক্রবার পুনর্নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটিসহ মোট নয়টি চালানে এই পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটমের সরবরাহকৃত এই জ্বালানি পাঠানোর পুরো প্রক্রিয়াটি আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম)।





