তারেক রহমানের ভারত সফর: এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা

প্রকাশ:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। শুক্রবার (২১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের প্রেস সচিব এ এ এম সালেহ। এর আগে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের বরাতে জানিয়েছিল যে, আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তারেক রহমান নয়াদিল্লি সফর করতে পারেন। তবে সেই খবরের পর প্রেস সচিবের পক্ষ থেকে এই নতুন তথ্য জানানো হলো।

প্রেস সচিব সালেহ রয়টার্সকে আরও জানান, ঢাকা মূলত শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার অপেক্ষায় রয়েছে। ২০২৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দুই দেশের সম্পর্কের যে টানাপড়েন সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে ওঠার প্রচেষ্টার অংশ হিসেবেই তারেক রহমানের সম্ভাব্য এই সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং বর্তমানে সেখানেই নির্বাসিত জীবনযাপন করছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার নয়াদিল্লির কাছে অনুরোধ জানানো হয়েছে। ভারত জানিয়েছে, তারা বিষয়টি পর্যালোচনা করছে।

এদিকে, তারেক রহমানের এই সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেন, সফরটি নিয়ে তার কাছে কোনো মন্তব্য নেই।

শেয়ার করুন