প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুব দ্রুত সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো একটি চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন যে, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চললেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একই সঙ্গে, এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের বিষয়টি তিনি সবসময় মনে রাখবেন বলেও চিঠিতে উল্লেখ করেন।





