রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামের একটি সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ার পর সরকারি সহায়তার জন্য অপেক্ষা না করে নিজ উদ্যোগে সংস্কারে নেমেছেন স্থানীয়রা। দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগ থেকে মুক্তি পেতে গ্রামবাসী নিজেরাই চাঁদা তুলে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই মেরামত কাজ শুরু করেছেন।
বুধবার থেকে এলাকাবাসী রড, সিমেন্ট ও বালুর মতো প্রয়োজনীয় নির্মাণসামগ্রী সংগ্রহ করে ধসে যাওয়া অংশে মাটি ভরাট ও সংস্কারের কাজ শুরু করেন। স্থানীয়দের সম্মিলিত এই প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত সড়কটি চলাচলের উপযোগী করার কাজ চলছে। এর আগে সড়কটি ধসে পড়ার ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।
কয়েক দিনের টানা বর্ষণ ও পানির তীব্র স্রোতে রংপুর-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন ওই সড়কের একাংশ ধসে পড়ে। সড়কটি ভেঙে যাওয়ায় দোয়ালিপাড়াসহ আশপাশের গ্রামের হাজারো মানুষ চরম বিপাকে পড়েন। কোনো বিকল্প রাস্তা না থাকায় শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছিল।
বুধবার সরেজমিনে দেখা যায়, গ্রামের তরুণ থেকে প্রবীণ—সবাই মিলে সংস্কারকাজে অংশ নিয়েছেন। কেউ নির্মাণসামগ্রী সরবরাহে সহায়তা করছেন, কেউ সরাসরি শ্রম দিচ্ছেন, আবার কেউ অর্থ দিয়ে এই উদ্যোগে শামিল হয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তাদের এই সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই সড়কটি ফের চলাচলের উপযুক্ত হয়ে উঠবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।





