মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশীদের সাথে একটি প্রীতি ফুটসাল ম্যাচে অংশ নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১২টার দিকে লালাপোর্ট ফুটসাল ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশীদের ফুটবল ক্লাব বিডিএফসি মালয়েশিয়া বনাম ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বাধীন তার সফরসঙ্গী দলের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতামূলক এই ম্যাচে ৩-১ গোলে জয়ী হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দল। সফরসঙ্গী দলের হয়ে যারা খেলেছেন তাদের মধ্যে রয়েছেন প্রতিমন্ত্রীর ছেলে আয়ান এবং এনএসসির পরিচালক ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় জাহেদ পারভেজ চৌধুরী। ম্যাচটিতে সফরসঙ্গী দলের পক্ষে প্রথম গোলটি করেন স্বয়ং প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিডিএফসি মালয়েশিয়ার খেলোয়াড়দের সাথে এই ম্যাচটি খেলে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। প্রবাসে থেকেও ফুটবল ও খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রবাসীদের আন্তরিক প্রচেষ্টায় তিনি অভিভূত হয়েছেন। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখা সম্ভব।
ম্যাচ পরবর্তী আয়োজনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিডিএফসি মালয়েশিয়া ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস-এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিডিএফসি মালয়েশিয়ার সভাপতি রাফিজ রহমান রাসেল, সাধারণ সম্পাদক মো: সাইফুদ্দিন, উপদেষ্টা আবদুল মোবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু, আলী আসগর মিলন, সোহাগ আহম্মেদ, যুবায়ের রহমান, ইকবাল হুসাইন, শাহজাহান আলম ও বাপ্পী কুমার দাসসহ বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





