রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই পরিবর্তনের ফলে জাতীয় সংসদের স্পিকার হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি। যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্যও শপথ নিয়েছি।’ তিনি আরও উল্লেখ করেন, একইভাবে ডেপুটি স্পিকার শপথ নেয়ার সময়ও শপথের অংশ হিসেবে উল্লেখ থাকে যে, কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন।
হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন শোনা গেলেও দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত হন। শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন বলে জানান তিনি। এ সময় হাফিজ উদ্দিন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।





